দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে বাসায় মোটরের সাহায্যে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সৈয়দ করিম নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দৈংগ্যাকাটা এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সৈয়দ করিম দৈংগ্যাকাটা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি তরুণ ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজ বাড়িতে মোটরের সাহায্যে পানি তুলছিলেন সৈয়দ করিম। এ সময় অসাবধানতাবশত মোটর বা বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৈয়দ করিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের সৃষ্টি হয়। স্বজন ও পরিচিতজনেরা তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক মোটর ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সংযোগ ও মোটর ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্র জানায়, হোয়াইক্যং এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস/